
হাফলং (অসম), ৯ সেপ্টেম্বর (হি স): অসম সরকারের হোম অ্যান্ড পলিটিক্যাল দফতরের নির্দেশ অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর বিএসএফের প্রাক্তন সদস্য, অবসরপ্রাপ্ত কর্মী এবং পরিবার-পেনশনভোগীদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে ‘নেশন-ওয়াইড পেনশন আদালত’। এই উদ্যোগের সুবিধা পাবেন ডিমা হাসাও-সহ অসমের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বিএসএফ পেনশনভোগীরাও।
অসম ও মেঘালয়ের বিএসএফ অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদের পেনশন-সংক্রান্ত বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার এই পেনশন আদালতের আয়োজন করছে। পেনশন সংক্রান্ত নথিপত্রের সমস্যা, অর্থপ্রদানে অসঙ্গতি এবং অন্যান্য জটিলতা সরাসরি আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা হবে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পেনশনভোগীদের কথা মাথায় রেখে এবারের পেনশন আদালত হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ইচ্ছুকরা সরাসরি উপস্থিত হওয়ার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও অংশ নিতে পারবেন।
অসমে বসবাসকারী বিএসএফ পেনশনভোগীরা অনলাইনে অংশ নিতে চাইলে আগাম নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে সভার লিঙ্ক পাঠানো হবে।
যোগাযোগের জন্য টেলিফোন নম্বর হচ্ছে ০৩৬৪-২৯৫১০২৭/০৩৬৪-২৯৫১০১৮
মোবাইল নম্বর হচ্ছে ০৯৪৩৬১০৩৫৮৬
ই-মেল shqftr@bsf.nic.in
এ বিষয়ে অসমের মুখ্যসচিব ড. রবি কোটা, আইএএস-কে দেওয়া সরকারি যোগাযোগে বিএসএফ কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে। পেনশন আদালতের খবর যাতে রাজ্যের প্রত্যন্ত এলাকার পেনশনভোগীদের কাছেও পৌঁছে যায়, সে জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলাশাসকদের ব্যাপক প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
যাঁদের পক্ষে দূরবর্তী স্থান থেকে সরাসরি পেনশন আদালতে উপস্থিত হওয়া সম্ভব নয়, তাঁদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলিতে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করার জন্যও জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
বিএসএফ কর্তৃপক্ষের এই উদ্যোগে পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের নথিগত জটিলতা, অর্থপ্রদানের সমস্যা এবং অন্যান্য অভিযোগ দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডিমা হাসাওয়ের মতো দুর্গম পাহাড়ি এলাকার অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী ও পরিবার-পেনশনভোগীদের কাছে এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব