
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী।
বুধবার দুপুরে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন বাবা-মেয়ে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় তাঁর। অভিযোগ ওঠে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে প্রাক্তন মন্ত্রীর মেয়ের নিয়োগ বেআইনি। এমনকী প্রভাব খাটিয়ে প্রাক্তন মন্ত্রী তাঁর মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ সামনে আসে। নিয়োগ দুর্নীতিতে একাধিক সময় সিবিআইয়ের মুখোমুখি হন পরেশবাবু এবং তাঁর মেয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত