
মালদা, ১ অক্টোবর (হি.স.): দুর্গাপুজো মানেই সাধারণত মাটির প্রতিমায় দেবী দুর্গার আরাধনা। তবে মালদার মানিকচক থানার রঘুনাথপুর গ্রামে রয়েছে একেবারেই ব্যতিক্রমী ঐতিহ্য। প্রায় ২০০ বছর ধরে এখানে মাটির প্রতিমার পরিবর্তে কলাবউ রূপে পূজিত হয়ে আসছেন মা দুর্গা।
পরিবারের সদস্য কনক ঝা জানান, প্রায় দুই শতাব্দী আগে একটি অলৌকিক ঘটনার পর থেকেই এই পরিবারে প্রতিমা তৈরি করে দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কলাবউ রূপে দেবীর আরাধনা শুরু হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই রীতিই নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন পরিবারের সদস্যরা।
শাক্ত মতে আয়োজিত এই পুজোয় পরিবারের মহিলাদের বিশেষ ভূমিকা রয়েছে। কর্মসূত্রে পরিবারের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও পুজোর সময় সকলেই ফিরে আসেন পৈতৃক ভিটেতে। পরিবারের সদস্যদের পাশাপাশি পুজোর কয়েকটি দিন উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষও।
এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল বলি প্রথা। মায়ের পুজো দেখতে দূরদূরান্ত থেকেও ভক্তেরা রঘুনাথপুরে আসেন। ঘন জঙ্গলের মধ্যে রয়েছে পরিবারের প্রাচীন পুজোর বেদি। পুজোর আগে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এরপর নিয়ম মেনে সম্পন্ন হয় সমস্ত আচার-অনুষ্ঠান।
দুই শতাব্দী ধরে চলে আসা এই ব্যতিক্রমী দুর্গাপুজো আজও রঘুনাথপুরের ঐতিহ্য, বিশ্বাস ও পারিবারিক বন্ধনের অনন্য নিদর্শন হয়ে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়