
নিউটাউন, ১৪ অক্টোবর (হি.স.): বাংলায় গত ৫০ বছরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, অতীতে ভোটদানের ক্ষেত্রে সাধারণ মানুষ স্বাধীনতা পাননি। সম্প্রতি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, অবাধ নির্বাচন শুরু হতেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে।
দিলীপ ঘোষের বক্তব্য,গত ১৫ বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা দল এবার ৩ শতাংশ ভোটও পায়নি। তাঁর কথায়, “তাই কোথায় ভোট চুরি হচ্ছিল, তা স্পষ্ট হয়ে গিয়েছে।” তাঁর দাবি, নির্বাচনের ফলাফল থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, মঙ্গলবার গুজরাটের গান্ধীনগর পুরনিগম নির্বাচনে বিজেপির জয়ের পর কংগ্রেসের নির্বাচনী ব্যর্থতা এবং এসআইআর নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে বুধবার রাহুল গান্ধীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “রাহুল গান্ধী সারা জীবন ছাত্রই থেকে যাবেন। তাঁর কথা শুনতে পাওয়া যাবে, কিন্তু সেই কথার বাস্তব রূপ কখনও দেখা যাবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য