
ভাটপাড়া, ১৪ অক্টোবর (হি.স.):- ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাছারি রোডের সাত নম্বর গলি এলাকায় বুধবার সকালে একটি বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আগুনে বাড়িটির চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে চলা বিবাদ নতুন করে সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, গত কয়েক দিন ধরে বাড়িওয়ালার সঙ্গে তাঁদের বিবাদ চলছিল। তাঁদের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বাড়িওয়ালা আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বিধায়ক।
তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সোহন চৌধুরী, ভরত যাদব-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এই ঘটনায় কোনও নাশকতা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়