
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): ওড়িশার ছাত্র সংসদ নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) জয়ে বিজয়ী প্রার্থীদের পাশাপাশি সংগঠনের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই জয়কে জাতীয়তাবাদ এবং জাতীয় স্বার্থের প্রতি যুবসমাজের অটুট আস্থার প্রতীক বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে নিতিন নবীন লেখেন, ওড়িশার ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির উল্লেখযোগ্য জয়ের জন্য সমস্ত বিজয়ী প্রার্থী ও নিষ্ঠাবান কর্মীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর দাবি, যুবসমাজের নামে অরাজকতা সৃষ্টির রাজনীতিকে প্রত্যাখ্যান এবং জাতীয় স্বার্থের প্রতি তরুণ প্রজন্মের আস্থার প্রতিফলন এই জয়।
নিজের বার্তায় স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ও আদর্শের কথাও উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের যুবসমাজ রাষ্ট্রগঠনের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য বাস্তবায়নে যুবশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও আস্থা প্রকাশ করেন তিনি।
নিতিন নবীন ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যের উল্লেখ করে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও নির্মাণে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা ভারতকে নতুন উচ্চতায় পৌঁছতে সাহায্য করবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ওড়িশার ১২টি বিশ্ববিদ্যালয় এবং ৩২৫টি মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। মোট ৩৩৭টি কলেজের মধ্যে ১১৭টিতে জয় পেয়েছে এবিভিপি। বিজু ছাত্র জনতা দল (বিসিজেডি) ৭১টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, জাতীয় ছাত্র ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) পেয়েছে দু’টি আসন। নির্দল প্রার্থীরা ১৬টি আসনে জয়লাভ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য