
ঝাড়্গ্রাম, ১৭ অক্টোবর(হি.স.): জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলতে উদ্যোগী হল ঝাড়গ্রাম জেলা পুলিশ।এদিন দুর্গাপূজার সপ্তমীর দিন অর্থাৎ শনিবার বেলপাহাড়ি থানার অন্তর্গত তারাফেনী সেবা কেন্দ্রে একটি অবৈতনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা। পাশাপাশি, এদিন এলাকার ১২০ জন ছাত্রছাত্রীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল রাজা, বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। একসময় এই এলাকায় নিরাপত্তার কারণে যৌথ বাহিনীর শিবির ছিল, বর্তমানে সেই জায়গাই হয়ে উঠেছে জনকল্যাণমূলক কাজের কেন্দ্র। পুলিশের উদ্যোগে ওই শিবিরকে তারাফেনী সেবা কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। সেখানে পড়াশোনা ও বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এ বার সেই উদ্যোগে যুক্ত হল বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ। জানা গিয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে পড়ুয়াদের কম্পিউটারের প্রাথমিক পাঠ, এমএস অফিস, টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারের মতো বিষয় শেখানো হবে। এর ফলে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি, ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রশিক্ষণ তাদের কাজে আসবে বলে মনে করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার মানব সিংলা বলেন, একসময় জঙ্গলমহলে নানা অস্থিরতা ছিল। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়াও পুলিশের অন্যতম লক্ষ্য। শহরের পড়ুয়াদের সঙ্গে যাতে গ্রামের ছাত্রছাত্রীরাও সমান তালে এগিয়ে যেতে পারে এবং প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে স্বনির্ভর হতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে কম্পিউটার শেখার সুযোগ তৈরি হওয়ায় খুশি এলাকার পড়ুয়া ও বাসিন্দারা। তাঁদের মতে, এই উদ্যোগের ফলে আর্থিক কারণে কম্পিউটার শিক্ষা থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা কমবে। আগামী দিনে এই প্রশিক্ষণ কেন্দ্র জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে বলেও আশা করছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো