
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) :
মহাসপ্তমীর আনন্দ ও উন্মাদনার মাঝেই শনিবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির হানায় কিছুটা হলেও ছন্দপতন ঘটল মহানগরীতে। এ দিন সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হঠাৎ বদলে যায় আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ কলকাতা— একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।
পঞ্জিকা মতে, চলতি বছর সপ্তমী তিথি শুরু হয়েছে ১৭ অক্টোবর রাত ৩টে ৪৬ মিনিটে (বাংলা মতে ২৯ আশ্বিন, শনিবার)। আর এই তিথি শেষ হবে আগামী ১৮ অক্টোবর রবিবার সকাল ৫টা ৫৩ মিনিটে (বাংলা ৩০ আশ্বিন)। স্বাভাবিকভাবেই এবছর দু’দিন ধরে মহাসপ্তমীর আনন্দ উপভোগ করার সুযোগ পাচ্ছেন পুজোপ্রেমীরা। কিন্তু সপ্তমী সন্ধ্যার এই বৃষ্টিতে ঠাকুর দেখতে বেরিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেককেই বাধ্য হয়ে ছাতা মাথায় দিয়ে বা রেইনকোট পরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে দেখা যায়। বৃষ্টির মধ্যেও শহরের বিভিন্ন জনপ্রিয় পুজো মণ্ডপগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যেমন, চোরবাগানের একটি পুজোয় উপচে পড়া ভিড়ের কারণে বেশ কয়েকজন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারেও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অষ্টমী, নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি উৎসবের শেষ দিনগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা কমতেও পারে।
হিন্দুস্থান সমাচার / সোনালি