কেতুগ্রামে পাগলা কুকুরের হামলা, আহত ৫৬, আশঙ্কাজনক কয়েকজন
পূর্ব বর্ধমান, ২ অক্টোবর (হি.স.):- পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মোরগ্রামে পাগলা কুকুরের হামলায় শিশু, মহিলা ও পুরুষ-সহ মোট ৫৬ জন আহত হয়েছেন। শুক্রবার একটি কুকুরের হামলায় লিপাড়া, ডাঙ্গাপাড়া, পরীপাড়া, খাদেমপাড়া, মোড়লপাড়া ও মেরুপল্লি এলাকায় আতঙ্ক
কেতুগ্রামে পাগলা কুকুরের হামলা, আহত ৫৬, আশঙ্কাজনক কয়েকজন


পূর্ব বর্ধমান, ২ অক্টোবর (হি.স.):- পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মোরগ্রামে পাগলা কুকুরের হামলায় শিশু, মহিলা ও পুরুষ-সহ মোট ৫৬ জন আহত হয়েছেন। শুক্রবার একটি কুকুরের হামলায় লিপাড়া, ডাঙ্গাপাড়া, পরীপাড়া, খাদেমপাড়া, মোড়লপাড়া ও মেরুপল্লি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে দেড় মাসের শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

কুকুরের কামড়ে একাধিক ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বোলপুর শিয়ান হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের দ্রুত কান্দরা প্রাথমিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একের পর এক আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। চিকিৎসকরাও দ্রুততার সঙ্গে আহতদের চিকিৎসা শুরু করেন। দীর্ঘ সময় ধরে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আহতদের পরিষেবা দেন।

স্থানীয় বাসিন্দা ইয়ার আলি শেখের দাবি, ওই কুকুরটি একটি মা কুকুর। সম্প্রতি তার সদ্যোজাত বাচ্চাগুলিকে শিয়ালে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই কুকুরটির আচরণে পরিবর্তন দেখা যায়। এরপরই সেটি এলাকায় তাণ্ডব চালিয়ে একের পর এক মানুষকে কামড়ায় বলে তাঁর দাবি।

ঘটনার জেরে মোরগ্রাম ও সংলগ্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কুকুরটিকে ধরার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande