
গুয়াহাটি, ২ অক্টোবর (হি.স.) : নির্বাচনের সময় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত সাধারণ মানুষের সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিষয়; জেল নয়। অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি গৌরব গগৈকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
গৌরব গগৈয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন এলে রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং অরুণোদয়ের মতো সরকারি জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা হওয়া উচিত। তাঁর মতে, সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিই নির্বাচনী আলোচনার মূল কেন্দ্র হওয়া প্রয়োজন।
ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “যখন নির্বাচন আসে, তখন ভোটের কথা ভাবা উচিত, জেলের কথা নয়।” তাঁর বক্তব্য, নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের মানুষের সমস্যা, উন্নয়নমূলক কাজ এবং সরকারি পরিষেবা নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করা উচিত।
এদিন মুখ্যমন্ত্রী গৌরব গগৈ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন এলেই এই দুই নেতা জেলের প্রসঙ্গ সামনে আনেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “বন্দীরা ভোট দেয় না। সাধারণ জনগণ দেয়।”
নগাঁও লোকসভা উপনির্বাচনকে ঘিরে অসমে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে। উপনির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাদের মধ্যে একাধিক ইস্যুতে পাল্টা বক্তব্য ও অভিযোগ-পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ