
ঝাড়্গ্রাম, ২ অক্টোবর ২ অক্টোবর (হি.স.) :পুজোর আগেই ঝাড়গ্রামে নারী সুরক্ষায় নতুন উদ্যোগ। জেলা পুলিশের তরফে চালু হল ‘দুর্গা স্কোয়াড’। জেলার বিভিন্ন প্রান্তে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী নিয়মিত টহল দেবে। স্কুল, কলেজ, হাসপাতাল, ছাত্রী আবাসন, বাজার, গ্রামীণ হাট এবং বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির পাশাপাশি মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন স্কোয়াডের সদস্যরা। শুক্রবার ঝাড়গ্রামে জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক ও মন্ত্রীর উপস্থিতিতে পতাকা নেড়ে এই স্কোয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ১২টি বাইক ও দু’টি চারচাকা গাড়ি নিয়ে স্কোয়াডের সদস্যরা জেলার বিভিন্ন থানা এলাকায় ঘুরবেন। থাকবেন ৩০ জন মহিলা কনস্টেবল। ঝাড়গ্রাম জেলার ৯টি থানা, দু’টি পুলিশ ফাঁড়ি, একটি বিট হাউস এবং মহিলা থানার আওতাভুক্ত এলাকায় এই বাহিনী কাজ করবে। শুধু অপরাধ প্রতিরোধ নয়, পথে চলা মহিলা ও কিশোরীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। কোনও অভিযোগ বা সমস্যার কথা সামনে এলে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন, “মহিলাদের বিরুদ্ধে অপরাধ আটকানোই দুর্গা স্কোয়াডের মূল উদ্দেশ্য।থানা এলাকা, স্কুল, বাজার ও বাসস্টপে তারা নিয়মিত ঘুরবে। এতে পুলিশি পরিষেবা বাড়বে এবং মেয়েদের আত্মবিশ্বাসও বাড়বে।” ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “দুর্গা স্কোয়াড নারী সুরক্ষা আরও জোরদার করবে। নারীরা যাতে নির্ভয়ে, এমনকি গভীর রাতেও গন্তব্যে পৌঁছতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।” জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, “ক্ষমতায়নের মূল কথাই হল নিরাপত্তা। মেয়েরা ভয় জয় করে নিজেদের সমস্যার কথা পুলিশের কাছে জানাবেন সেটাই এই উদ্যোগের সাফল্য।” রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো বলেন, “পুজোর আগে দুর্গার আগমন। নারী সুরক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়, সমাজের সমস্ত স্তরের মানুষকে এই উদ্যোগে পাশে দাঁড়াতে হবে।” এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।
হিন্দুস্থান সমাচার। গোপেশ মাহাতো
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো