
দুর্গাপুর, ২ অক্টোবর (হি.স.) : সরকার পরিবর্তন হতেই পুজোর আগে খুশির খবর রাজ্যের প্যারাটিচার থেকে শিক্ষাবন্ধুদের। এক ধাক্কায় তাদের সাম্মানিক বাড়লো প্রায় ৪০ শতাংশ। ৫ হাজার টাকা মাসিক সাম্মানিক বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ।
উল্লেখ্য, বিগত তৃণমূল জামানায় ডিএ র দাবি আন্দোলন শুরু করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। যার মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। দীর্ঘ ১৫ বছর ধরে বেতন কাঠামোর উন্নতি হয়নি। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসলে বেতন বৃদ্ধি করা হবে পার্শ্বশিক্ষকদের। গত ৪ মে রাজ্য বিধানসভা ফলাফলে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। সরকার গঠনের পর তাদের ইস্তেহার অনুযায়ী একের পর এক প্রতিশ্রুতি পালন করে চলেছে নতুন সরকার। আর কয়েকদিন পরই দূর্গাপুজো। তার আগে পার্শ্ব শিক্ষক থেকে শিক্ষাবন্ধু, একসঙ্গে সব পদে সাম্মানিক বাড়ল। ইতিমধ্যে৷ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা টিচার সহ PBSSM, PBRSSM, স্কুল শিক্ষা অধিকার ও PM-POSHAN-এর অধীনে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীর মাসিক পারিশ্রমিক বাড়াল রাজ্য সরকার। তাতে দেখা গেছে অধিকাংশ পদে ৫,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ম্যানেজমেন্ট স্টাফদের বেতন-স্তর অনুযায়ী ৫,০০০ থেকে বেড়ে হয়েছে ১০,০০০ টাকা। অর্থ দফতরের সম্মতিক্রমে এই আদেশ জারি হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৬-এর ক্যাবিনেট বৈঠকেও এতে সম্মতি মিলেছে। এবার অনুমতি দিল রাজ্যপাল। জানা গেছে, রাজ্যে প্রায় ৭০ হাজার প্যারাটিচার, শিক্ষাবন্ধু রয়েছে।
প্যারাটিচার (প্রাথমিক) ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। প্যারাটিচার (উচ্চ প্রাথমিক) ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। শিক্ষা বন্ধুদের ৯,৯৫৪ থেকে বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটর ১৪,৯২৪ থেকে বেড়ে হয়েছে ১৯,৯২৪ টাকা।
ম্যানেজমেন্ট স্টাফদের প্রাপ্য ৯,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৫১,৫৫৮ টাকা। নতুন কর্মীদের ১৪,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৬১,৫৫৮ টাকা।
সহায়ক/সহায়িকাদের (SSK) ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। সম্প্রসারক/সম্প্রসারিকাদের (MSK) ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকাদের (MSK) ১৬,১৭৮ থেকে বেড়ে হয়েছে ২২,১৭৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজারদের ১৩,৭৮১ থেকে বেড়ে হয়েছে ১৮,৭৮১ টাকা। ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ১৯,৬৯২ থেকে বেড়ে হয়েছে ২৫,৬৯২ টাকা। পার্ট-টাইম কন্ট্রাক্চুয়াল টিচারদের (HS স্তর) ১৫,২১৮ থেকে বেড়ে হয়েছে ২০,২১৮ টাকা। এডুকেশন সুপারভাইজার (PM-POSHAN): ১১,০০০ থেকে বেড়ে হয়েছে ১৬,০০০ টাকা। সংগ্রামী যৌথমঞ্চের পক্ষে ভাস্কর ঘোষ বলেন, নির্বাচনের পুর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারে এসে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই। দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী বলেন, বিজেপি কথা দিয়ে কথা রাখে। এটা সাধারণ মানুষের সরকার। প্রতিশ্রুতি মত সাম্মানিক বৃদ্ধি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা