
কলকাতা, ২ অক্টোবর (হি.স.) :পেনশন খাতে এক নতুন ব্যবসায়িক দিগন্তের সূচনা করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ বরোদা’। নতুন দিল্লিতে শুক্রবার ‘এনপিএস দিবস-২০২৬’ উপলক্ষে পেনশন ফান্ডের স্পনসর হিসেবে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি -র কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগপত্র বা শংসাপত্র গ্রহণ করে ব্যাঙ্কটি। এর ফলে দেশের দ্বিতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে আনুষ্ঠানিকভাবে পেনশন ফান্ড ব্যবসায় প্রবেশ করল ব্যাঙ্ক অফ বরোদা। অবসরকালীন সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।উল্লেখযোগ্য বিষয় হলো, পিএফআরডিএ আইনের ২০১৩ সালের ২৭ নম্বর ধারার অধীনে প্রদান করা ওই নিয়োগপত্রটি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দেবদত্ত চন্দের হাতে তুলে দেন আর্থিক পরিষেবা দপ্তরের সচিব সঞ্জয় লোহিয়া। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফআরডিএ-র চেয়ারম্যান এস রামান্ন এবং এনপিএস ট্রাস্টের চেয়ারম্যান দীনেশ কুমার খারা।এই অনুষ্ঠান চলাকালীন দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণে ‘ভীম’ অ্যাপে ‘তৎকাল এনপিএস’পরিষেবা চালু করার নিরিখে প্রথম সারির ব্যাঙ্কগুলির তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করে ব্যাঙ্ক অফ বরোদা। এর মাধ্যমে ভীম অ্যাপের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ গ্রাহকেরা আরও দ্রুত ও সহজে এনপিএস খাতার সঙ্গে যুক্ত হতে পারবেন।ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও দেবদত্ত চন্দ জানান, দেশে পেনশন পরিষেবার প্রসার ঘটানো এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের কাছে অবসরকালীন আর্থিক সমাধানকে আরও সহজলভ্য করাই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত