
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে চলেছে বিজেপি। চলতি মাসের ৩০ ও ৩১ অক্টোবর দলের উত্তর প্রদেশ শাখার কার্যসমিতির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উপস্থিত থাকতে পারেন। দলীয় সূত্রের খবর, এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, সংগঠনকে শক্তিশালী করা এবং সরকার ও দলের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।
দলীয় সূত্র অনুযায়ী, দু’দিনের বৈঠকে এক দিন উপস্থিত থাকতে পারেন নিতিন নবীন। তিনি ও অমিত শাহ কার্যসমিতির সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্য, রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী, রাজ্য সংগঠন সাধারণ সম্পাদক ধর্মপাল এবং উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে উপস্থিত থাকতে পারেন। রাজ্যের দলীয় পদাধিকারী, বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন সাংসদদের সঙ্গেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করা এবং সরকারের কাজের সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় বাড়ানোর মতো বিষয় গুরুত্ব পেতে পারে। যদিও বৈঠকের চূড়ান্ত আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
দলীয় সূত্রের আরও খবর, কার্যসমিতির বৈঠকের পাশাপাশি আগামী কয়েক সপ্তাহে উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলের বুথ স্তরের কর্মীদের সঙ্গেও বৈঠক করতে পারেন অমিত শাহ। স্থানীয় স্তরে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা, কর্মীদের অভিজ্ঞতা শোনা এবং নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করাই এই উদ্যোগের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
উত্তর প্রদেশ বিজেপির কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক রাজ্য। তাই নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা এবং স্থানীয় স্তরে সমন্বয় বাড়ানোর দিকে জোর দিচ্ছে দলীয় নেতৃত্ব। প্রস্তাবিত কার্যসমিতির বৈঠক ও বুথ স্তরের কর্মীদের সঙ্গে সম্ভাব্য আলোচনা সেই প্রস্তুতিরই অংশ বলে দলীয় সূত্রের বক্তব্য।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য