নবরাত্রির ভোজ খেয়ে অসুস্থ ৩০০, হাসপাতালে ভর্তি ৮২
মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার খারাশি গ্রামে নবরাত্রি উপলক্ষে আয়োজিত ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০০ জন। বুধবার সকাল থেকে গ্রামবাসীদের একাংশের বমি, বমি বমি ভাব ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর
নবরাত্রির ভোজ খেয়ে অসুস্থ ৩০০, হাসপাতালে ভর্তি ৮২


মুম্বই, ২১ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার খারাশি গ্রামে নবরাত্রি উপলক্ষে আয়োজিত ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০০ জন। বুধবার সকাল থেকে গ্রামবাসীদের একাংশের বমি, বমি বমি ভাব ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন ৮২ জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খারাশির বাসিন্দা জিতেন্দ্র বোঁদ্রে মঙ্গলবার রাতে নবরাত্রি উপলক্ষে ওই ভোজের আয়োজন করেছিলেন। তাতে গ্রামের কয়েকশো মানুষ যোগ দেন। পরদিন সকাল থেকেই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। একসঙ্গে বহু মানুষের অসুস্থতার খবর পেয়ে তাঁদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বর্তমানে মোট ৮২ জনের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ৩৬ জন মহিলা। ভাণ্ডারা হাসপাতালে ১১ জন, পালান্দুর হাসপাতালে ৫১ জন এবং খারাশি হাসপাতালে ২০ জন ভর্তি রয়েছেন। অসুস্থতার খবর পেয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল খারাশি গ্রামে পৌঁছয়। বাকি আক্রান্তদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকেই খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই অসুস্থতার প্রকৃত কারণ জানা যেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande