চোরবাগান দুর্ঘটনা: মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অনাথ শিশুর দায়িত্ব নেওয়ার পাশাপাশি দিলেন চাকরির ঘোষণা
কলকাতা, ২১ অক্টোবর (হি.স.) : উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার বিভিন্ন এলাকায় মৃতদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরাহনগর, নিউ ব্যারাকপুর ও আ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২১ অক্টোবর (হি.স.) :

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের পাশে দাঁড়াতে বুধবার বিভিন্ন এলাকায় মৃতদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরাহনগর, নিউ ব্যারাকপুর ও আগরপাড়ায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দেন তিনি। একই সঙ্গে অনাথ হয়ে পড়া শিশুর দায়িত্ব নেওয়ার ঘোষণা ছাড়াও পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার দুপুরে প্রথমে বরাহনগরের বাসিন্দা তথা চোরবাগান দুর্ঘটনায় মৃত দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালি ঘোষের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সজল ঘোষ। ওই দম্পতির একমাত্র পুত্র পৃথ্বীশ ও শোকার্ত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি। বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাড়িতে আত্মীয়-স্বজনরা থাকলেও অভিভাবকহীন হয়ে পড়া ওই শিশুর অভিভাবক হিসেবে তিনি নিজেও সমস্ত দায়িত্ব নিতে চান এবং সেই প্রস্তাব তিনি পরিবারকে দিয়েছেন। পাশাপাশি, চোরবাগান দুর্ঘটনায় প্রাণ হারানো ১৮ জনের প্রত্যেকের বাড়িতেই তিনি ব্যক্তিগতভাবে গিয়ে পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানান।

বরাহনগরের পর মুখ্যমন্ত্রী নিউ ব্যারাকপুরের লিনিনগড় এলাকায় চোরবাগানের দুর্ঘটনায় মৃত প্রিয়া সমাদ্দারের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি ঘোষণা করেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মৃতার মাকে একটি সরকারি চাকরি দেওয়া হবে এবং পরিবারে ছোট মেয়েটির পড়াশোনা ও লালনপালনের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন বহন করবে। এরপর তিনি আগরপাড়ায় চোরবাগান দুর্ঘটনায় মৃত প্রাঞ্জল সরকারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন এবং সমবেদনা জানান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande