গয়ায় সার্কিট হাউসে এসি বিস্ফোরণে আগুন, অল্পের জন্য রক্ষা বিদেশ মন্ত্রকের অধিকর্তা
গয়াজি, ২১ অক্টোবর (হি.স.): বিহারের গয়াজির সার্কিট হাউসে বুধবার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সার্কিট হাউসের তিন নম্বর ঘরে এই দুর্ঘটনা ঘটে। ঘর থেকে আগুন ও ধোঁয়া বেরোতে শুরু করলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড
গয়ায় সার্কিট হাউসে এসি বিস্ফোরণে আগুন, অল্পের জন্য রক্ষা বিদেশ মন্ত্রকের অধিকর্তা


গয়াজি, ২১ অক্টোবর (হি.স.): বিহারের গয়াজির সার্কিট হাউসে বুধবার শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সার্কিট হাউসের তিন নম্বর ঘরে এই দুর্ঘটনা ঘটে। ঘর থেকে আগুন ও ধোঁয়া বেরোতে শুরু করলে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পাশের দু’নম্বর ঘরে থাকা বিদেশ মন্ত্রকের অধিকর্তা মনোজ কুমার ও তাঁর স্ত্রী নিরাপদে রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মনোজ কুমার স্ত্রীকে নিয়ে পুজো দিতে গয়াজিতে এসেছিলেন। প্রথমে তাঁকে সার্কিট হাউসের তিন নম্বর ঘর বরাদ্দ করা হয়েছিল। কিন্তু নিজের পছন্দে তিনি দু’নম্বর ঘরে ওঠেন। বুধবার দুপুরে তাঁর জন্য বরাদ্দ তিন নম্বর ঘরেই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় ভরে যায় চারদিক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও দমকলের দল। রামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীনেশ বাহাদুর সিং এবং দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। মনোজ কুমার ও তাঁর স্ত্রীকে নিরাপদে বাইরে বের করে আনা হয়।

মনোজ কুমার জানান, তাঁকে প্রথমে তিন নম্বর ঘর দেওয়া হলেও তিনি সেখানে না উঠে দু’নম্বর ঘর বেছে নিয়েছিলেন। তাঁর কথায়, ঈশ্বরের কৃপায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন।

জেলা দমকল বিভাগের সহকারী আধিকারিক নমীন কুমার জানান, এসি বিস্ফোরণের কারণেই তিন নম্বর ঘরে আগুন লাগে। দ্রুত গোটা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছিল। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর নেই বলে তিনি জানিয়েছেন।

উচ্চপর্যায়ের তদন্তের দাবি প্রেম কুমারের

ঘটনার সময় বিহার বিধানসভার অধ্যক্ষ ড. প্রেম কুমারও সার্কিট হাউসে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বিদেশ মন্ত্রকের অধিকর্তা মনোজ কুমারের সঙ্গে দেখা করে তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বিধানসভার অধ্যক্ষ বলেন, সার্কিট হাউসের এই ঘরটি ভিআইপি কক্ষ। সেখানে বিচারপতি ও রাজ্যপালের মতো বিশিষ্ট ব্যক্তিরা থাকেন। তাই এমন জায়গায় এসি বিস্ফোরণের ঘটনা অত্যন্ত সংবেদনশীল। ভিআইপি ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের কাছে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande