
নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৩ অক্টোবর দেশজুড়ে মিছিলের ডাক দিল ‘পিপল এগেনস্ট এসআইআর’ নামে একটি সংগঠন। ছাত্র, বামপন্থী দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের নিয়ে গঠিত এই মঞ্চের তরফে বিরোধী দলগুলিকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচির কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ।
প্রশান্ত ভূষণ এই কর্মসূচির আবেদনটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন। তাঁর বক্তব্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের বিভিন্ন প্রান্তে জনতার প্রতিবাদের মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে ২৩ অক্টোবর জনমিছিলের ডাক দেওয়া হয়েছে।
আয়োজকদের বিবৃতি অনুযায়ী, গত ১৪ অক্টোবর ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, মহিলা, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, বিশেষভাবে সক্ষম এবং রূপান্তরকামীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেখানেই ‘পিপল এগেনস্ট এসআইআর’-এর ব্যানারে বৃহত্তর জোট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের বিভিন্ন জায়গায় জনতার প্রতিবাদের মঞ্চ তৈরির দাবিতে তাঁরা ২৩ অক্টোবরের মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।
আয়োজকদের অভিযোগ, ভারতীয় গণতন্ত্র গভীর সংকটের মধ্যে রয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করা হয়েছে। তাঁদের আরও দাবি, ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বার্থ রক্ষা করছে। এই অভিযোগগুলি তুলে ধরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
প্রকাশ রাজ, পরকলা প্রভাকর, রাকেশ টিকায়েত, অঞ্জলি ভরদ্বাজ-সহ একাধিক কর্মীর স্বাক্ষরিত আবেদনে যুবসমাজ, নাগরিক সমাজের সংগঠন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র দলগুলিকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘প্রতিটি হাতে তিরঙ্গা, প্রতিটি গলিতে জনতার প্রতিবাদের মঞ্চ’—এই স্লোগান সামনে রেখে জাতীয় পতাকা হাতে রাস্তায় নামার আবেদন জানিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য