
শিলিগুড়ি, ২৪ অক্টোবর (হি.স.): শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বেআইনি দখলদারি ও ট্রাফিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের সঙ্গে যৌথ পরিদর্শনে নামলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। দুর্গোৎসব সম্পন্ন হওয়ার পর শনিবার সকালে শহরের রাস্তাঘাট, যান চলাচল এবং সামগ্রিক পরিকাঠামো পর্যালোচনা করতেই এই উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের শঙ্কর ঘোষ বলেন, দুর্গাপুজোর পর শহরের বিভিন্ন তোরণ, ব্যানার, ট্রাফিক ব্যবস্থা এবং বেআইনি দখলদারির সার্বিক পরিস্থিতি আমরা খতিয়ে দেখলাম। শিলিগুড়ির মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দিতে যাতে একটি সঠিক পরিকল্পনা গড়ে তোলা যায়, সেই উদ্দেশ্যেই এই পর্যালোচনা করা হয়েছে। যান চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে তিনি জানান, যানবাহনের অবাধ গতি বজায় রাখতে আমরা ইতিমধ্যেই পুলিশ কমিশনারেট এবং পুরনিগমকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি আমরা নিয়ম করে দিয়েছি যে, কোনও দোকানদার তাঁদের স্থায়ী কাঠামোর সামনে অতিরিক্ত স্টল বসাতে বা জিনিসপত্র বাড়িয়ে রাখতে পারবেন না। এই ধরনের কাজের ওপর আমরা কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করব। তিনি আরও স্পষ্ট করেন, এই সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করা হচ্ছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ