দুর্গাপুরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার
দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি.স.): রাতের অন্ধকারে একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া এবং অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নতুন পল্লি এলাকায়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে লাল রঙের একটি চার চাকার গাড়িতে ক
লালগাড়ি


দুর্গাপুর, ২৪ অক্টোবর (হি.স.): রাতের অন্ধকারে একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া এবং অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের নতুন পল্লি এলাকায়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে লাল রঙের একটি চার চাকার গাড়িতে করে তিন যুবক এলাকায় এসে একাধিক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল।

শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তিন যুবক নতুন পল্লি এলাকায় আসে। এরপর গাড়ি থেকে নেমে একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে বলে অভিযোগ। পাশাপাশি বাড়ির বাসিন্দাদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলে দাবি। এই ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় রায়ের অভিযোগ, অভিযুক্তরা আগে বিজেপি করতেন না। চার তারিখের পর তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন বলে তাঁর দাবি। তৃণমূল করার কারণেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান সঞ্জয়।

অন্যদিকে, সুমন্ত মণ্ডল বলেন, বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না। শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। তবে ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেও দাবি করেন তিনি। ঘটনার তদন্ত ও পুলিশি পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande