এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো, যোগেন চৌধুরীর প্রয়াণে শোকজ্ঞাপন শমীক ভট্টাচার্যের
কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): যোগেন চৌধুরীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য| তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বিশিষ্ট চিত্রশিল্পী, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীর প্রয়াণে
যোগেন চৌধুরীর প্রয়াণে শোকজ্ঞাপন শমীক ভট্টাচার্যের


কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): যোগেন চৌধুরীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য| তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, বিশিষ্ট চিত্রশিল্পী, পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরীর প্রয়াণে ভারতীয় শিল্পজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

তাঁর তুলির প্রতিটি টানে, রেখার প্রতিটি বিন্যাসে ফুটে উঠত মানুষের জীবন, সমাজের বাস্তবতা এবং অনুভূতির গভীরতা। নিজস্ব শিল্পশৈলী ও অসামান্য সৃজনশীলতার মধ্য দিয়ে তিনি আধুনিক ভারতীয় চিত্রকলায় এক স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।

শিল্পকলার পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসেবেও তিনি দেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিল্পের ইতিহাসে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশিষ্ট চিত্র শিল্পী যোগেন চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

প্রসঙ্গত, বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রবিবার সকালে প্রয়াত হন শিল্পী যোগেন চৌধুরী। আধুনিক ভারতীয় চিত্রকলার অন্যতম স্তম্ভ ছিলেন তিনি| গত ১৪ মাস ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৮৭ বছর বয়সি এই শিল্পী। সঙ্গে যুক্ত হয়েছিল মূত্রনালীর সংক্রমণ। যার জেরে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবস্থার বিশেষ উন্নতি হয়নি, বরং আরও খারাপের দিকে যেতে থাকে। শেষমেশ রবিবার প্রয়াত হলেন শিল্পী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande