
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টি (এএপি) সরকারের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তারা জানিয়েছে, পঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং রাজ্যে খুন, মাদকাসক্তি ও অন্যান্য অপরাধমূলক ঘটনার খবর ক্রমাগত প্রকাশ্যে আসছে।
বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, পঞ্জাবে অপরাধীদের সাহস বেড়ে চলেছে। আর সাধারণ মানুষ নিজেদের অসুরক্ষিত মনে করছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য ভগবন্ত মান-সরকারকে দায়ী করে তিনি অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। গৌরব ভাটিয়া এএপি-কে আক্রমণ করে তাদের অরাজক অপরাধ পার্টি বলে অভিহিত করেন।
গৌরব ভাটিয়া গত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া ৩টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। বিজেপি মুখপাত্র বলেন, নম্বর প্লেটহীন গাড়ি, সশস্ত্র দুষ্কৃতী এবং দিনের আলোয় গুলি চালানোর মতো পরিস্থিতি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। তিনি অভিযোগ করেন, এই ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ভাটিয়া পঞ্জাবে অপরাধের ঘটনার পাশাপাশি মাদকের সমস্যার কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে খুন, মাদকাসক্তি এবং অন্যান্য গুরুতর ঘটনা রোধে এএপি সরকার কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ