চোরবাগান বিপর্যয় নিয়ে মহাকরণে বৈঠক সিটের প্রধান-সহ অন্যান্যদের
কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। চোরবাগান সর্বজনীনে ১৯ জনের মৃত্যুর পর তদন্তের গতি প্রকৃতি বুঝতে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে সোমবার মহাকরণে বৈঠকে বসলেন সিটের প্রধান-সহ অন্যান্য সদস্যরা। গত ২২ অক্টোবর, একাদশীর দিন চোরবাগানের ঘটনাস্থল পরিদর্শনে যান স
চোরবাগান বিপর্যয় নিয়ে মহাকরণে বৈঠক সিটের প্রধান-সহ অন্যান্যদের


কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। চোরবাগান সর্বজনীনে ১৯ জনের মৃত্যুর পর তদন্তের গতি প্রকৃতি বুঝতে এবং পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে সোমবার মহাকরণে বৈঠকে বসলেন সিটের প্রধান-সহ অন্যান্য সদস্যরা।

গত ২২ অক্টোবর, একাদশীর দিন চোরবাগানের ঘটনাস্থল পরিদর্শনে যান সিটের প্রধান তথা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। সেখান থেকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফরেনসিক পরীক্ষা এবং অত্যাধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) স্ক্যানিংয়ের মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এমনকি, ঘটনার দিন ঠিক কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তা পুঙ্খানুপুঙ্খ বুঝতে মণ্ডপে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছেন তদন্তকারীরা। সে দিন মাইকে থাকা ধৃত ঘোষক সেন্টুকে মণ্ডপে নিয়ে গিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

ছয় সদস্যের সিট গঠন করেছে, তাতে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর পাশাপাশি রয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, রাজ্য এসটিএফ-এর ডিজি জাভেদ শামিম, রাজ্য পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি এবং এনডিআরএফ-এর এক শীর্ষ আধিকারিক। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এই কমিটির।

এই আবহে মহাকরণের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিজি জাভেদ শামিম-সহ অন্য সদস্যরা। তদন্তে এ পর্যন্ত ঠিক কী কী প্রাথমিক তথ্য উঠে এসেছে, কোন কোন দিক এখনও খতিয়ে দেখা বাকি রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande