কালীপুজো ও ছটপুজোকে ঘিরে বাড়তি সতর্কতা, নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। চোরবাগানের মণ্ডপ বিপর্যয়ের ঘটনার পর কালীপুজো ও ছটপুজোকে ঘিরে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। দুই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখতে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দ
কালীপুজো ও ছটপুজোকে ঘিরে বাড়তি সতর্কতা, নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী


কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। চোরবাগানের মণ্ডপ বিপর্যয়ের ঘটনার পর কালীপুজো ও ছটপুজোকে ঘিরে বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। দুই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা খতিয়ে দেখতে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার বিকেলে নবান্ন সভাঘরে এই উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। কালীপুজো ও ছটপুজোর প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে সেখানে।

উত্তর ২৪ পরগনার বারাসাত ও নৈহাটি থেকে শুরু করে নদিয়ার কৃষ্ণনগর—বিভিন্ন এলাকার বড় কালীপুজোগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানো নিয়ে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। বড় পুজোমণ্ডপগুলিতে প্রবেশ ও বেরনোর পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা পরিকাঠামো কতটা সুষ্ঠু রয়েছে, তা খতিয়ে দেখা হবে বৈঠকে।

চোরবাগানের মণ্ডপ বিপর্যয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আগাম কী কী সতর্কতামূলক পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি, ছটপুজো উপলক্ষে নদী ও জলাশয়ের ঘাটগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়েও পর্যালোচনা হতে পারে।

এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। কালীপুজো ও ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande