
গুরুগ্রাম, ২৯ অক্টোবর (হি.স.) : দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের সন্তান। দ্রুতগতিতে আসা একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের শারীরিক অবস্থা আপাতত বিপন্মুক্ত।
বৃহস্পতিবার গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এসিপি ইন্দিবর জানান, ভোররাত ৩টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশের জরুরি পরিষেবা-যান (ইআরভি) ২৩৫। সেখানে পৌঁছে উদ্ধারকারী দল দেখতে পায়, মুম্বইয়ের দিক থেকে আসা একটি গাড়ি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে সজোরে ধাক্কা মেরেছে।
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়ির ভিতরে থাকা এক দম্পতি ও তাঁদের সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ। গাড়ির ভিতর থেকে আট বছরের এক বালক এবং এক বছরের এক শিশুকন্যাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন দুই শিশুর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে গুরুগ্রাম পুলিশ। গাড়িটির গতিবেগ, চালকের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা এবং এক্সপ্রেসওয়ের পাশে বাস দাঁড় করিয়ে রাখার পরিস্থিতি সব দিকই তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য