
লখনউ, ৩ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে বিজেপি সরকারকে তীব্র নিশানা করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেই সঙ্গে তরুণ প্রজন্মের আধুনিক মানসিকতাকে বর্তমান শাসকদল ভয় পায় বলেও তোপ দেগেছেন তিনি।
শনিবার লখনউয়ে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। অথচ যুব সমাজের উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কোনও নজর নেই সরকারের। সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে গরিব মানুষের উন্নত চিকিৎসার পাশাপাশি সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দেবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পরোক্ষভাবে আক্রমণ করে তিনি বলেন, এসপি সরকার যুবকদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছিল, যাতে তারা আধুনিক দুনিয়ার সঙ্গে তাল মেলাতে পারে। আর বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করছেন, তরুণরা নাকি ল্যাপটপ আর মোবাইলে সময় নষ্ট করছে!
তরুণ প্রজন্মের পাশে দাঁড়িয়ে অখিলেশ যাদব আরও যোগ করেন, নতুন প্রজন্ম সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করে এবং তারা অত্যন্ত প্রগতিশীল। কিন্তু যারা রক্ষণশীল মনোভাবাপন্ন, তারা যুবসমাজের এই প্রগতিশীলতাকে একদমই পছন্দ করে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ