
নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.): রাশিয়া, ইউক্রেন ও ইরানকে ঘিরে চলমান ভূ-রাজনৈতিক সংঘাত এবং হরমুজ প্রণালীতে তৈরি হওয়া অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এক নজিরবিহীন ধাক্কা এনে দিয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার জাতীয় রাজধানীতে আয়োজিত 'কৌটিল্য ইকোনমিক কনক্লেভ'-এ বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত ও ইরান পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন এক ধরনের ধাক্কা এসেছে। এটি কেবল তেল ও গ্যাসের দামেই প্রভাব ফেলছে না, বরং জ্বালানির বাস্তব সরবরাহ বা জোগানের ক্ষেত্রেও বড় ধরনের হুমকি তৈরি করেছে। মূল্যবৃদ্ধি ও সরবরাহের সংকটের পার্থক্য তুলে ধরে তিনি ব্যাখ্যা করেন, মূল্যবৃদ্ধির ধাক্কা আর্থিক ও রাজস্ব নীতির বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে কিছুটা সামাল দেওয়া সম্ভব। কিন্তু যখন পণ্য বা জ্বালানির বাস্তব সরবরাহের ঘাটতি দেখা দেয়, তখন বাফার স্টক, কার্যকর বণ্টন ব্যবস্থা এবং রাষ্ট্রের নিজস্ব প্রশাসনিক সক্ষমতার প্রয়োজন হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ