
গোপেশ্বর, ৪ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বাবার শ্রাদ্ধ-তর্পণ নিয়ে কংগ্রেসের সামাজিক মাধ্যমে করা মন্তব্যের পাল্টা জবাব দিল বিজেপি। রবিবার দলের প্রদেশ মুখপাত্র মনোজ জখমোলা বলেন, মা-বাবার প্রতি ভালোবাসা, মমতা ও শ্রদ্ধা কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি প্রত্যেক মানুষের ব্যক্তিগত অনুভূতি।
গোপেশ্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জখমোলা বলেন, জনজীবনের ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী তাঁর মায়ের প্রতি যে শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছেন, তা ভারতীয় পরিবার ও সংস্কারের ভাবনাকে তুলে ধরে। তাঁর বক্তব্য, সনাতন পরম্পরায় শ্রাদ্ধ-তর্পণ প্রয়াত মা-বাবা ও পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি প্রথা।
কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে হতে পারে। কিন্তু কারও মা-বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে মন্তব্য করা সুস্থ রাজনৈতিক আচরণ নয়। তাঁর অভিযোগ, কংগ্রেস ধর্মীয় বিশ্বাসের বিষয়কে রাজনৈতিক বিতর্কে টেনে আনছে।
ধামি সরকারের কাজের প্রসঙ্গ তুলে জখমোলা ভূ-আইন, ধর্মান্তরণ আইন, অতিক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা এবং ধর্মীয়-পৌরাণিক স্থানের সংরক্ষণের কথা বলেন। ‘সেবা সংকল্প’ অভিযানের মাধ্যমে সরকারি পরিষেবা ও প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজও চলছে বলে দাবি করেন তিনি।
জখমোলার বক্তব্য, কংগ্রেসের সরকারকে প্রশ্ন করার থাকলে উন্নয়ন ও সরকারি সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন করা উচিত। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নিজেদের কাজের হিসাব নিয়ে মানুষের কাছে যাবে বলেও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য