
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ককে পুনরায় ইতিবাচক ও গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত সফর করলেন কানাডার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক ও শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ডেভিড মরিসন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে গত ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষই ২০২৬ সালের মার্চ মাসে নয়াদিল্লিতে এবং পরবর্তীতে জুন মাসে এভিয়ায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে হওয়া ফলপ্রসূ আলোচনার দিকনির্দেশনার কথা স্মরণ করেন। গত এক বছর ধরে পারস্পরিক বিশ্বাস, একে অপরের উদ্বেগ ও সংবেদনশীলতার প্রতি মর্যাদা বজায় রেখে চলা গঠনমূলক দ্বিপাক্ষিক পদক্ষেপগুলির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
উভয় দেশের প্রতিনিধিরা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে 'কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট' সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়টিকে স্বাগত জানান। পাশাপাশি দুই দেশের শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ