
নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): উত্তর-পূর্ব দিল্লির নিউ সীমাপুরী এলাকায় বুধবার বিকেলে একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। এই ঘটনায় সংলগ্ন দুটি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দমকল সূত্রে খবর, বুধবার দুপুর প্রায় ৩টে ৩০ মিনিট নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ইঞ্জিন। উদ্ধারকাজে দ্রুত হাত লাগায় দিল্লি পুলিশ, দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড-এর যৌথ দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ।
পুলিশের এক আধিকারিক জানান, প্রায় ২২৫ বর্গফুটের একটি প্লটের ওপর ওই চারতলা ভবনটি তৈরি হয়েছিল। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিন বছরের এক শিশু সহ মোট সাতজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, দিল্লি পুরনিগম-এর দাবি, ভেঙে পড়া বাড়িটি তিনতলা ছিল এবং এটি ইদগাহ মাছ মান্ডির কাছে ডুশিব এলাকার একটি বস্তি অঞ্চলে আনুমানিক ২২ বর্গগজ জায়গার ওপর নির্মিত হয়েছিল। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ