ভিলেজ কমিটি ভোটে পাহাড়ে বিরোধীদের অস্তিত্ব নিয়ে বিজেপি-র কটাক্ষ
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : টিটিএএডিসি-র অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ প্রার্থীদের বিপুল জয়ের জন্য রাজ্যের জনগণ ও নির্বাচকমণ্ডলীকে অভিনন্দন জানাল জোটের তিন শরিক বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। একইসঙ্গে ভিলেজ কমিটিগুলির মাধ্যমে জনকল্যাণমূলক কা
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : টিটিএএডিসি-র অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ প্রার্থীদের বিপুল জয়ের জন্য রাজ্যের জনগণ ও নির্বাচকমণ্ডলীকে অভিনন্দন জানাল জোটের তিন শরিক বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। একইসঙ্গে ভিলেজ কমিটিগুলির মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করার সুযোগ দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানান জোট নেতৃত্ব। এনডিএ পরিচালিত ভিলেজ কমিটিগুলির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সঠিকভাবে বরাদ্দ করা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিপ্রা মথার নেতৃত্ব।

বুধবার বিজেপি কার্যালয়ে এনডিএ-র তিন শরিক দলের যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আইপিএফটি-র পক্ষে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার দেববর্মা এবং যুব আইপিএফটি সভাপতি বিকাশ দেববর্মা। তিপ্রা মথা-র পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা দলের নেতৃত্ব মেবার কুমার জমাতিয়া।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ-র সাফল্যের জন্য ভোটারদের অভিনন্দন জানান। তিনি দাবি করেন, ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস ও সিপিআই(এম) কার্যত নোটা এবং নির্দল প্রার্থীদের সঙ্গে লড়াই করেছে। পাহাড়ের মানুষও সমতলের মতোই বিরোধীদের যোগ্য জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিপিন দেববর্মার দাবি, এই নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে সমতলের পাশাপাশি পাহাড়েও বিরোধীদের কোনও জায়গা নেই। এনডিএ-র প্রতি আস্থা রেখে জনকল্যাণমূলক কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ভিলেজ কমিটির ভোটারদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। নির্বাচনের এই রায়কে আগামী দিনে পাহাড়ি এলাকার উন্নয়নে কাজে লাগানোর কথাও বলেন তিনি।

অন্যদিকে, তিপ্রা মথা-র পক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এনডিএ-র এই সাফল্যের জন্য ভোটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রথমবার রাজ্যে ভিলেজ কমিটিগুলি পরিচালনার দায়িত্ব এনডিএ-র হাতে এসেছে। ফলে ভিলেজ কমিটিগুলির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ভিলেজ কমিটিগুলির উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় অর্থ সঠিকভাবে বরাদ্দ করা হবে বলে তাঁরা আশাবাদী। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ভিলেজ কমিটিগুলি যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে আইপিএফটি-র রাজ্য কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার দেববর্মাও এনডিএ প্রার্থীদের বিপুল জয়ের জন্য ভোটার ও রাজ্যবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল এনডিএ-র প্রতি মানুষের আস্থার প্রতিফলন। আগামী দিনে ভিলেজ কমিটিগুলির মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

যৌথ সাংবাদিক সম্মেলন থেকে এনডিএ নেতৃত্বের বক্তব্য, নির্বাচনী ফলাফলকে শুধু রাজনৈতিক জয় হিসেবে না দেখে ভিলেজ কমিটিগুলির মাধ্যমে পাহাড়ি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজে লাগানোই এখন জোটের প্রধান লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande