
কলকাতা, ১ নভেম্বর (হি.স.): যাত্রী পরিষেবার মান, নিরাপত্তা এবং ট্রেনের অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে আকস্মিক ফুটপ্লেট পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। রবিবার সন্ধ্যায় তিনি প্রিন্সেপ ঘাট থেকে বি.বি.ডি. বাগ স্টেশন পর্যন্ত ট্রেনে সফর করেন। পরে একই পথে ফিরে এসে রেল পরিচালন ব্যবস্থা ও যাত্রী পরিষেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে ট্রেনের বিভিন্ন কামরা ঘুরে দেখেন জেনারেল ম্যানেজার। যাত্রীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা, সেগুলির বর্তমান অবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়েও খোঁজখবর নেন। পাশাপাশি পরিষেবার মান আরও উন্নত করার জন্য কোন কোন ক্ষেত্রে পদক্ষেপ করা প্রয়োজন, তা খতিয়ে দেখেন তিনি।
এই সফরে ট্রেনের ভিতরে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন গীতিকা পাণ্ডে। স্টেশন চত্বরেও যাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের অভাব-অভিযোগ, অভিজ্ঞতা ও পরামর্শ শোনেন। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী পরিষেবার উন্নতিতে এই ধরনের সরাসরি মতবিনিময় গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করা এবং পরিষেবার গুণমান ধারাবাহিকভাবে উন্নত করার লক্ষ্যে এই ধরনের পরিদর্শন বিশেষ তাৎপর্যপূর্ণ। যাত্রীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই এর মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়