
আগরতলা, ১ নভেম্বর (হি.স.) : আসন্ন ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি এনডিএ জোটের হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। তবে কোন দল কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবার রাতে। রবিবার রাজধানীর সরকারি অতিথিশালায় বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। অন্যদিকে, তিপ্রা মথার সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান, সবকটি জনজাতি সংরক্ষিত আসনসহ একাধিক সাধারণ আসনে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছে তাঁর দল।
আসন্ন নগর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে এনডিএ জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে রবিবার সকালে রাজধানীর সরকারি অতিথিশালায় বৈঠকে বসেন বিজেপি ও তিপ্রা মথার নেতৃবৃন্দ। বৈঠকে আইপিএফটির কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে বৈঠক শেষে জানানো হয়, ভিলেজ কমিটি নির্বাচনের মতো নগর নির্বাচনেও বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি এনডিএ জোটের হয়ে একসঙ্গে লড়াই করবে।
বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তিপ্রা মথার পক্ষে ছিলেন প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া এবং দলের নেতা প্রশান্ত সিনহা।
দীর্ঘ আলোচনায় নগর নির্বাচনে আসন বণ্টনসহ একাধিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। তিপ্রা মথার পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেগুলি নিয়ে বিজেপির অভ্যন্তরে আলোচনা হবে। এরপর সোমবার রাতে দুই দলের মধ্যে ফের বৈঠকে আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতনলাল নাথ বলেন, নগর নির্বাচনে এনডিএ জোটের হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সোমবার রাতের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, বৈঠককে ফলপ্রসূ বলে অভিহিত করেন তিপ্রা মথার সাধারণ সম্পাদক তথা প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা। তিনি জানান, নগর নির্বাচনে এনডিএর হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে। আসন সমঝোতা নিয়ে আলোচনায় তাঁদের দল একাধিক প্রস্তাব দিয়েছে। তিপ্রা মথা সবকটি জনজাতি সংরক্ষিত আসনসহ আরও কয়েকটি সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এই দাবিগুলি নিয়ে সোমবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থায় মোট ৩৪৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি আসন তপশিলি জনজাতি এবং ৮০টি আসন তপশিলি জাতির জন্য সংরক্ষিত। বাকি ২৫৬টি আসন অসংরক্ষিত। মোট আসনের মধ্যে ১৬২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
এদিকে, অসমর্থিত সূত্রে জানা গেছে, আগরতলা পুর নিগমের পাঁচটি জনজাতি সংরক্ষিত আসনসহ রাজ্যের মোট নয়টি জনজাতি সংরক্ষিত আসন এবং একাধিক সাধারণ আসন মিলিয়ে মোট ৬০টি আসনে প্রার্থী দেওয়ার দাবি জানাতে পারে তিপ্রা মথা। যদিও এই বিষয়ে দলীয়ভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন নগর নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরুদ্ধে কংগ্রেস, সিপিএমসহ অন্যান্য বিরোধী দল ইন্ডি জোটের ব্যানারে ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। ফলে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর রাজ্যের নগর নির্বাচনে মূল লড়াই এনডিএ ও ইন্ডি জোটের মধ্যে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ