
বারাসাত, ১ নভেম্বর (হি.স.): বইয়ের স্টলে ভাঙচুর এবং শিক্ষার পরিবেশের উপর আক্রমণের প্রতিবাদে কলকাতার পর এবার বারাসাতেও পথে নামলেন বইপ্রেমী মানুষ। রবিবার বিকেলে বামপন্থী ছাত্র, যুব, মহিলা ও শিক্ষক সংগঠনের সদস্যদের পাশাপাশি বুদ্ধিজীবী মহলের কয়েকশো মানুষ বই হাতে প্রতিবাদ মিছিলে শামিল হন। বারাসাত রেল স্টেশন চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি হরিতলা মোড় হয়ে চাপাডালি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস। তাঁর অভিযোগ, বিজেপি, আরএসএস, বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের লোকজন বই, পড়াশোনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করতে চাইছে। বইয়ের স্টলে হামলা চালিয়ে শিক্ষিত সমাজের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পলাশ দাসের বক্তব্য, বই ও শিক্ষার উপর এই ধরনের আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে বইপ্রেমী বাঙালি তথা দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে এবং শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ রক্ষার দাবিতে প্রগতিশীল মানুষ রাস্তায় নেমেছেন।
উল্লেখ্য, একই দাবিতে গতকাল কলকাতাতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়