চার বছর ধরে তালাবন্ধ ১৩ কোটি টাকার মৎস্য হাব, হতাশ সীমান্তের কয়েক হাজার মৎস্যজীবী
স্বরূপনগর, ১২ নভেম্বর (হি.স.): নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যশিল্পের বিকাশের লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল মৎস্য হাব। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি সেই প্রকল্প। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে গোটা পরিকাঠামো। ফলে স
তালা বন্ধ ফিশিং হাব


স্বরূপনগর, ১২ নভেম্বর (হি.স.): নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যশিল্পের বিকাশের লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল মৎস্য হাব। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি সেই প্রকল্প। তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে গোটা পরিকাঠামো। ফলে স্বপ্নভঙ্গ হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার মৎস্যজীবীর। দ্রুত প্রকল্পটি চালুর দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের সাড়ে ১০ হাজার বিঘার বিলবললি এলাকায় ২০২২ সালে এই মৎস্য হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন রাজ্য সরকারের আমলে মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

তৎকালীন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এলাকার বিধায়ক বীণা মণ্ডলের উদ্যোগে প্রকল্পটি ঘিরে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। স্থানীয় মৎস্যজীবীদের প্রত্যাশা ছিল, এই হাব চালু হলে মাছ চাষ, সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি এলাকার বহু মানুষের কর্মসংস্থানও হবে।

কিন্তু চার বছর পরেও প্রকল্পটি চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি পরিকাঠামো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। দ্রুত মৎস্য হাব চালু করে সীমান্ত এলাকার মৎস্যজীবীদের কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande