
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : অভয়ার ন্যায়বিচারের দাবিতেই বৃহস্পতিবারে আর জি কর থেকে শ্যামবাজারে প্রতিবাদী মিছিল হল। অভয়ার ন্যায়বিচার, সন্দীপ ঘোষের জামিন এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’-এর উদ্যোগে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন মিছিল শেষে আয়োজিত হয় প্রতিবাদী সভা। চিকিৎসক, নার্স, অধ্যাপক, আইনজীবী, ক্রীড়াবিদ, ছাত্রছাত্রী-সহ বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, বিশেষত মহিলারা, মিছিলে অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রের অভিযোগ, - সিবিআইয়ের ব্যর্থতার কারণেই সন্দীপ ঘোষের জামিন হয়েছে। তাঁর বক্তব্য, এনকাউন্টার কখনও সুবিচারের বিকল্প হতে পারে না। রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায়বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী দিনে সিবিআই দফতরেও প্রতিবাদ জানানো হবে বলে তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত