
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : শারদোৎসবের আনন্দ ও বিজয়ার রেশ বজায় রেখে বৃহস্পতিবার প্রেস ক্লাব, কলকাতার উদ্যোগে এক বর্ণাঢ্য শারদ সম্মিলনী ও বিজয়া সান্ধ্য আসরের আয়োজন করা হয়। এদিন প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংবাদিক মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী পর্বে বিশিষ্ট বাচিক শিল্পী তৃপ্তি কুন্ডু রায় চমৎকার আবৃত্তি পরিবেশন করেন। দেবী দুর্গার সপরিবারে কৈলাস থেকে সুদূর পথ পাড়ি দিয়ে মর্ত্যে আগমন এবং বিজয়া দশমীর তিথিতে আবার স্বর্গালোকে ফিরে যাওয়ার পৌরাণিক ও আবেগঘন পর্বটি তিনি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন, যা উপস্থিত দর্শক ও অতিথিদের বিশেষ প্রশংসা কুড়ায়।
এরপর বিজয়া সম্মিলনীর সান্ধ্য বাসরে প্রেস ক্লাবের অন্দরে গড়ে তোলা অস্থায়ী মঞ্চে সঙ্গীতের ডালি সাজিয়ে হাজির হন তিন জন প্রতিভাবান শিল্পী। প্রথম পর্বে সুরের জাদুতে আসর মাতান সাংবাদিক তথা গায়িকা পৃথা দাশগুপ্ত। এরপর একে একে গান পরিবেশন করেন পর্ণাভ ব্যানার্জি এবং পরিশেষে জনপ্রিয় লোকগান পরিবেশন করে সন্ধ্যার আসরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দেব চৌধুরী। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে বিশেষ স্মারক ও সম্মাননা তুুলে দিয়ে আজকের সমস্ত সঙ্গীত শিল্পীকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। উৎসবের এই প্রীতি সম্মিলনী সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনের বাইরে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপহার দেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত