কাজে দেরি হলে শোকজ, সরকারি কর্মচারীদের জন্য শুভেন্দু সরকারের কড়া নির্দেশ
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : রাজ্যের সরকারি দপ্তরে এখন থেকে জরুরি ফাইলগুলি দিনের পর দিন ফেলে রাখা যাবে না। কাজের দায়িত্ব নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং কাজে বিলম্বের কোনো অজুহাতই বরদাস্ত করা হবে না। এই নিয়
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) :

রাজ্যের সরকারি দপ্তরে এখন থেকে জরুরি ফাইলগুলি দিনের পর দিন ফেলে রাখা যাবে না। কাজের দায়িত্ব নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে এবং কাজে বিলম্বের কোনো অজুহাতই বরদাস্ত করা হবে না। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিককে সরাসরি কারণ দর্শাও বা শোকজ নোটিশ দেওয়া হবে। সরকারি কার্যক্রমে গতি আনতে বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন কঠোর নিয়মের ঘোষণা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ লোক পরিষেবা অধিকার আইন, ২০১৩-এর আওতায় সরকারি কর্মচারীদের সতর্ক করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল নোটিশ জারি করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এই নিয়ম অবিলম্বে কার্যকর করতে হবে।

সরকারি দপ্তরে লালফিতে শাহী ও অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা রোধ করতে বিগত বছরগুলিতে একাধিক নিয়ম চালু করা হলেও, নতুন সরকারের আমলে এই নিয়মগুলিকে আরও কঠোর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেই একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে, সমস্ত দপ্তরের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে। কাজে যেকোনো ধরনের অবহেলা বা শৈথিল্য কোনোভাবেই সহ্য করা হবে না, কারণ এর ফলে সামগ্রিক উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর এই কঠোর বার্তাকে বাস্তবায়িত করতেই রাজ্য সরকার এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হলে দায়ী আধিকারিক ও কর্মচারীদের শোকজের মুখোমুখি হতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে শোকজ নোটিশ জারি করার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার সন্তোষজনক জবাব দিতে হবে, যার ভিত্তিতে রাজ্য সরকার পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি মাসের ১০ তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন সমস্ত দপ্তরের কাজের মূল্যায়ন করা হবে। যদি কোনো কাজের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যায়, তবে পরিষেবা বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল সমস্ত দপ্তরকে যত দ্রুত সম্ভব এই নতুন নিয়ম কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande