
আগরতলা, ১২ নভেম্বর (হি.স.) : জনজাতি সম্প্রদায়ের মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা নিয়ে আপত্তিকর মন্তব্য এবং মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে কল্পনাপ্রসূত প্রচারের অভিযোগে অবশেষে দলীয় শৃঙ্খলার মুখে পড়লেন বক্সনগরের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন। তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে প্রদেশ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ককে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তারও উপযুক্ত ব্যাখ্যা চেয়েছে দল।
বৃহস্পতিবার প্রদেশ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক তাপস ভট্টাচার্য এই নোটিশ জারি করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিধায়ক তফাজ্জল হোসেনের বক্তব্য দলীয় নেতৃত্বের নজরে আসার পরই এই পদক্ষেপ বলে জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ভাইরাল ভিডিওতে জনজাতি সম্প্রদায়ের মানুষের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বিধায়ক। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে কল্পনাপ্রসূত প্রচারের বিষয়টিও দলীয় নেতৃত্বের নজরে এসেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য ও আচরণ কোনওভাবেই প্রত্যাশিত নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি।
দলের বক্তব্য অনুযায়ী, এই ধরনের মন্তব্য রাজ্যের বিভিন্ন অংশের মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের জন্ম দিয়েছে। ত্রিপুরার মতো বহুজাতিক ও বহুভাষিক রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একজন জনপ্রতিনিধির বক্তব্যকে কেন্দ্র করে যদি কোনও সম্প্রদায়ের মানুষের মধ্যে অপমানবোধ কিংবা ক্ষোভের সৃষ্টি হয়, তবে তা রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই উদ্বেগের বিষয়। নোটিশে বিধায়কের আচরণ নিয়ে দলের অসন্তোষের বিষয়টিও কার্যত স্পষ্ট হয়েছে।
শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বিধায়ককে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁকে নিজের বক্তব্য ও অবস্থান লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কেন দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তারও সন্তোষজনক কারণ দর্শাতে বলা হয়েছে। এখন বিধায়ক কী ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যায় দল কতটা সন্তুষ্ট হয়, তার উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।
উল্লেখ্য, তফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইভাবে তিপ্রা মথা দলের মহিলা সংগঠন ত্রিপুরা ওমেন ফেডারেশনও বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিবাদেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি, কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর-ও দায়ের করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানিয়েছিলেন, বিষয়টি দলীয়ভাবে দেখা হবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই প্রদেশ বিজেপি-র শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে কারণ দর্শানোর নোটিশ জারি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে এই বিতর্ক বিজেপির জন্য যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে ঘিরে বিতর্কিত মন্তব্যের অভিযোগ রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠায় দলের অবস্থান স্পষ্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একদিকে বিরোধীদের ধারাবাহিক আক্রমণ, অন্যদিকে জনজাতি সংগঠনগুলির প্রতিবাদ—সব মিলিয়ে চাপের মুখে পড়েছে শাসক শিবির।
তবে কারণ দর্শানোর নোটিশ জারি হওয়া মানেই বিধায়কের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমন নয়। আপাতত তাঁর লিখিত জবাবের অপেক্ষায় রয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই জবাবের ভিত্তিতে বিজেপি নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, আদৌ সতর্কবার্তা দিয়ে বিষয়টির নিষ্পত্তি করা হয়, নাকি আরও কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়—এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ