
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। সব সময়ই এই একটা থাকে চরম উত্তেজনা, পারদ চড়ে সর্বোচ্চ পর্যায়ে।
শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ঠিক তেমনই এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের জেতা ম্যাচটা কেড়ে নিল ভারত। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ওপেনার উসমান খানের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৩৭ রান। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে ভারতের যুবারা। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় একদম শেষ বল পর্যন্ত। ফাইনালের সেই শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের ১ উইকেটের জয় ও শিরোপা নিশ্চিত করে ভারত।
অথচ একটা সময় ভারত হারতেই বসেছিল। ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ছিল ভারত। কিন্তু শেষ দিকে মরিয়া হয়ে লড়াই করল মানাল চৌহান ও মোহিত উলভা। দুরন্ত ব্যাটিংয়ে ঝড় তুলে নবম উইকেটে তারা গড়েন ৫৭ রানের জুটি। মানাল ৩২ বলে ৪৭ রান করে ফিরলে ফের রোমাঞ্চ ছড়ায়। তবে আরেক প্রান্তে অবিচল ছিলেন দশ নম্বরে ব্যাটিংয়ে নামা মোহিত। ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ভারতকে শিরোপা এনে দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি