ক্লাসে কম উপস্থিতির কারণে পরীক্ষায় অনুমতি না পেয়ে ছাত্র বিক্ষোভ বাঁকুড়ার কলেজে
বাঁকুড়া , ১৫ নভেম্বর (হি. স.) : ছাত্র বিক্ষোভে উত্তাল বাঁকুড়া খ্রিস্টান কলেজ। প্রতিটি পরীক্ষায় বসার জন্য কলেজের ক্লাসরুমে ন্যুনতম ৫০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম বাঁকুড়া খ্রিষ্টান কলেজ পরিচালন সমিতির দীর্ঘ দিনের। সেই ন্যুনতম উপস্থিতি না থাকা
ক্লাসে কম উপস্থিতির কারণে পরীক্ষায় অনুমতি না পেয়ে ছাত্র বিক্ষোভ বাঁকুড়ার কলেজে


বাঁকুড়া , ১৫ নভেম্বর (হি. স.) : ছাত্র বিক্ষোভে উত্তাল বাঁকুড়া খ্রিস্টান কলেজ। প্রতিটি পরীক্ষায় বসার জন্য কলেজের ক্লাসরুমে ন্যুনতম ৫০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম বাঁকুড়া খ্রিষ্টান কলেজ পরিচালন সমিতির দীর্ঘ দিনের। সেই ন্যুনতম উপস্থিতি না থাকা পড়ুয়াদের পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির নেতৃত্বে আন্দোলনে নামে পড়ুয়ারা। শনিবার সন্ধ্যা থেকে কলেজের অফিসে ভারপ্রাপ্ত অধ্যক্ষা বসুমিত্রা সিংহ সহ অফিসের কর্মীদের তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়।

এবিভিপির বাঁকুড়া জেলা সংযোজক শুভজিৎ ঘোষ জানান যে ক্লাস রুমে উপস্থিতির বেড়াজালে পড়ে বেশকিছু পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। এই ছাত্রদের কেউ অসুস্থ ছিল বা কারোর বাবা মারা গেছেন। সেই ছাত্ররা তাদের সহযোগিতা চেয়েছে তাই তাদের নিয়ে আন্দোলনে নামা হয়েছে। যতক্ষণ না সম্মতি মিলবে ততক্ষণ আটকই থাকবেন। শুভজিৎ বাবুর আরও অভিযোগ রাজনৈতিক কারণে এসব করা হচ্ছে। কম হাজিরা থাকা পড়ুয়াদের অনেককে পরীক্ষায় বসার সম্মতি দেওয়া হয়েছে। তারা একটাই নিয়ম চান।শুভজিৎবাবুর আরও অভিযোগ, কলেজের টিচার্স রুমে টিএমসিপির পতাকা রয়েছে। এটা তারা মেনে নেবেন না।

এই প্রেক্ষিতে উল্লেখ্য, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির মধ্যে অন্যতম সেরা বাঁকুড়া খ্রিষ্টান কলেজ। এই কলেজে লেখাপড়ার মান বজায় রাখা ও ক্লাস রুমে পড়ুয়াদের উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যে কলেজ পরিচালন সমিতি দীর্ঘদিন আগেই সিদ্ধান্ত নেয় যে পরীক্ষায় বসতে গেলে ন্যুনতম ৫০ শতাংশ ক্লাসে উপস্থিতি জরুরী পড়ুয়াদের । কলেজ সূত্রে খবর অধিকাংশ পড়ুয়ার উপস্থিতির হার ৫০ শতাংশের ওপরে থাকলেও অল্প কিছু সংখ্যক পড়ুয়ার তা নেই। এতে ওই পড়ুয়াদের সেমিস্টার পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতেই ওই পড়ুয়ারা আন্দোলনে নামে। শনিবার সন্ধ্যায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষার অফিসের সামনের দরজা তালা দিয়ে বন্ধ করে রেখে শুরু হয় বিক্ষোভ। পড়ুয়াদের এই বিক্ষোভে আটকে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষা বসুমিত্রা সিংহ সহ কিছু অধ্যাপক ও কলেজের অফিস কর্মচারীরা। বিক্ষোভরত পড়ুয়ারা টিচার্স রুম থেকে টিএমসিপির বেশ কিছু পতাকা উদ্ধার করে এনে বিক্ষোভের সুর আরও চড়ান। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি শারিরীক ও পারিবারিক কারনে অনেক পড়ুয়া উপস্থিতির নির্দিষ্ট যোগ্যতামান ছুঁতে পারেনি। সবদিক বিবেচনা করে তাদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ অবশ্য পড়ুয়াদের সেই দাবি মানতে নারাজ।

বসুমিত্রা সিংহের বক্তব্য, ৫০ শতাংশের কম হাজিরা থাকলে পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব নয়। এটি কলেজ পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর হয়েছে।

তা অমান্য করা তার পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন যে কম উপস্থিতি থাকা কোন ছাত্রকেই সুযোগ দেওয়া হয় নি। আইন প্রত্যেক ছাত্রের জন্য সমান। ষে ছাত্রের কথা আন্দোলনকারীরা বলছেন তার উপস্থিতি প্রথমদিকে ৪৯.৩০ দেখানো হয়ে ছিল। কিন্তু পড়ুয়াটি একটি তারিখ ও দুটি ক্লাস উল্লেখ করে লিখিত ভাবে আবেদন করে জানায় যে তার সেই দুটি উপস্থিতি হিসাবে আসেনি। কলেজ তদন্ত করে দেখে যে পড়ুয়াটির আবেদন সত্য। পরে তার উপস্থিতির হার হয়ে দাঁড়ায় ৫১.৫৬। স্বাভাবিক ভাবেই সে সুযোগ পাওয়ার যোগ্য। তাছাড়া কলেজের টিচার্স রুম থেকে টিএমসিপির পতাকা উদ্ধারের অভিযোগ নিয়ে সোজা সাপটা সাফাই দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষা বলেন, গত ১৪ বছর সেই রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। তারা হেরে যাওয়ার পর পতাকা সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছিল। ভয়ে তারা কলেজে আসতে পারছে না। অপরদিকে সফল পড়ুয়াদের বক্তব্য, নানা সমস্যা সত্বেও তারা কিন্তু কলেজের নিয়ম মেনে প্রতিটি ক্লাস করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande