
হাফলং (অসম), ১৫ নভেম্বর (হি স): বাঁশ, বেত ও কাঠের ঐতিহ্যবাহী হস্তশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন ডিমা হাসাও জেলার নিউ মলকন গ্রামের বাসিন্দা হেনপু গামলহো। ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘জনজাতীয় গৌরব পুরস্কার’-এ ভূষিত করা হল তাঁকে। তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অসম সরকার এই সম্মান প্রদান করেছে।
১৫ নভেম্বর গুয়াহাটির পাঞ্জাবাড়ির শিল্পগ্রাম প্রাঙ্গণে আয়োজিত রাজ্যস্তরের জনজাতীয় গৌরব দিবস উদ্যাপন অনুষ্ঠানে হেনপু গামলহোর হাতে এই পুরস্কার তুলে দেন অসম সরকারের জনজাতি কল্যাণ (সমতল) বিভাগের মন্ত্রী ডাঃ রণোজ পেগু।
অসম সরকারের জনজাতি কল্যাণ (সমতল) বিভাগের উদ্যোগে এবং কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার প্রদানের ক্ষেত্রে অসম ইনস্টিটিউট অব রিসার্চ ফর ট্রাইবালস অ্যান্ড শিডিউলড কাস্টস, খানাপাড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বাঁশ, বেত ও কাঠ দিয়ে বিভিন্ন সামগ্রী নির্মাণের পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্পের সংরক্ষণ ও প্রসারে হেনপু গামলহোর অবদানকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাঁর এই সম্মানপ্রাপ্তিতে ডিমা হাসাও জেলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের পরিচিতি রাজ্যস্তরে আরও উজ্জ্বল হল।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব