ভগবান বিরষা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে জনজাতীয় গৌরব দিবস পালন ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের
হাফলংয়ে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর লোকসংস্কৃতি ও লোকনৃত্যের মাধ্যমে তুলে ধরা হল সমৃদ্ধ ঐতিহ্য ও নিজস্ব পরিচিতি
Haflong 2


হাফলং (অসম), ১৫ নভেম্বর (হি স): স্বাধীনতা সংগ্রামী তথা জনজাতি সমাজের অবিসংবাদিত নেতা ভগবান বিরষা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের উদ্যোগে শনিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পালিত হল জনজাতীয় গৌরব দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই। জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস, নিজস্ব ধর্মবিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তাই এ দিনের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে ডিমা হাসাওয়ের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বৈচিত্র্যময় লোকসংস্কৃতি ও লোকনৃত্য তুলে ধরা হয়। নিজস্ব পোশাক, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে জনজাতি সম্প্রদায়গুলির স্বতন্ত্র পরিচিতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার প্রতিফলিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত হোজাই জনজাতি সমাজের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মবিশ্বাস ও রীতিনীতির সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে জনজাতি সম্প্রদায়ের নিবিড় সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে অনুষ্ঠানে। আধুনিকতার অগ্রগতির সঙ্গে তাল মিলিয়েও নিজেদের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি অক্ষুণ্ণ রাখার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, কার্যনির্বাহী সদস্যা প্রবিতা জোহরি, পরিষদের সদস্য জন পোইথং এবং প্রধান সচিব পার্থ জহরি। এ ছাড়াও পরিষদের বিভিন্ন আধিকারিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভগবান বিরষা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১৫ নভেম্বর দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয়। জনজাতি সমাজের ইতিহাস, আত্মপরিচয়, সংগ্রাম ও সাংস্কৃতিক ঐতিহ্যকে যথাযথ মর্যাদা দেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলাই এই দিবস উদ্যাপনের অন্যতম উদ্দেশ্য।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande