
আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী ভগবান বীরসা মুন্ডার ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো জনজাতীয় গৌরব দিবস। এই উপলক্ষে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার মাণিকপুরে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ৪৮০ আসনবিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয়টির উদ্বোধন করেন। একই সঙ্গে রাজ্যের মনু, হেজামারা ও ওশি এলাকার আরও তিনটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়েরও ভার্চুয়াল উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ভগবান বীরসা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমাজ সংস্কার, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রেই জনজাতি সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের সাহস, নিষ্ঠা, দক্ষতা ও আত্মত্যাগ দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। তাঁদের এই গৌরবোজ্জ্বল অবদানকে যথাযথ সম্মান জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ১৫ নভেম্বর দিনটিকে ভগবান বীরসা মুন্ডার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং আর্থ-সামাজিক পরিচিতি সংরক্ষণ ও প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার জনজাতি পরিবারগুলির কাছে সরকারি উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সরকারের লক্ষ্য হলো উন্নয়নের মূল স্রোতে জনজাতি সমাজের প্রতিটি অংশকে সামিল করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করা।
জনজাতীয় গৌরব দিবসের তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, একই দিনে রাজ্যে চারটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন জনজাতি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক। মাণিকপুরের পাশাপাশি মনু, হেজামারা ও ওশিতে এই বিদ্যালয়গুলির উদ্বোধন করা হয়েছে। তিনি জানান, ত্রিপুরায় অনুমোদিত মোট ২৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে ১৪টি চালু হয়েছে। নতুন চারটি বিদ্যালয়ের উদ্বোধনের ফলে জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত ও আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে। বাকি বিদ্যালয়গুলির নির্মাণকাজ আগামী বছরগুলিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে ত্রিপুরার জন্য আরও ১৫টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় অনুমোদনের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার গুরুত্বের উপর বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যথাযথ শিক্ষা, সচেতনতা এবং তৃণমূল স্তরে ক্ষমতায়ন ছাড়া জনজাতি সম্প্রদায়ের প্রকৃত আর্থ-সামাজিক পরিবর্তন সম্ভব নয়। জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন। আবাসিক শিক্ষার সুবিধা, স্টাইপেন্ড, অনুদান এবং প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক বৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হচ্ছে। এর ফলে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও জনজাতি পরিবারের সন্তানরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে পিএম-জনমন এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পের সাফল্যের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রত্যন্ত ও অনুন্নত এলাকার পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে বিভিন্ন সরকারি ও জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে পিএম-জনমন প্রকল্পের অধীনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলা জাতীয় স্তরে স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
রাজ্যের জনজাতি উন্নয়নের ক্ষেত্রে ২০২৩ সালের ২৫ নভেম্বর চালু হওয়া মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই মিশনের আওতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা, নিরাপদ পানীয় জল এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ৫০টি বোর্ডিং হাউস নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ইউপিএমটি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতি বছর ৪০ জন মেধাবী জনজাতি ছাত্রছাত্রীকে উন্নতমানের কোচিংয়ের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। এর ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জনজাতি ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ও সাফল্যের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুখ্যমন্ত্রী ২০২১ সালের ১৪ আগস্ট চালু হওয়া মুখ্যমন্ত্রী রাবার মিশনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে রাবার চাষের প্রসার ঘটানো এবং রাবার চাষিদের আর্থিক ও জীবিকার সুযোগ আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। গত পাঁচ বছরে এই উদ্যোগের ফলে রাজ্যে প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে রাবার বাগান গড়ে উঠেছে। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জনজাতি পরিবারগুলির বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতেও সহায়ক হচ্ছে।
মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জনজাতি শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা, দক্ষতা ও সম্ভাবনাকে চিহ্নিত করে তার যথাযথ বিকাশ ঘটানোই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করলেই হবে না, এর পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, পুষ্টি, নিরাপদ পানীয় জল, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামোগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। আবাসিক হোস্টেলগুলিকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখার জন্য নিয়মিত তদারকি এবং মূল্যায়নের উপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, জনজাতি সমাজের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং অর্থনৈতিক স্বনির্ভরতাকে সমান গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সম্প্রসারণ থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে জনজাতি ছাত্রছাত্রী ও পরিবারগুলির উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে। জনজাতীয় গৌরব দিবসে চারটি একলব্য বিদ্যালয়ের উদ্বোধন সেই লক্ষ্য পূরণের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ