
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘এমটি তারা গ্যাস’-এর ওপর সোমবার হামলা হয়। জাহাজটিতে ২৪ জন ভারতীয় ছিল। তার মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহত দু'জন ভারতীয় ক্রু সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ।
বিদেশ মন্ত্রক মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ ভারতীয়র সন্ধান করছে। পাশাপাশি, উদ্ধার অভিযানও ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধারকাজে সময়মতো সহায়তা ও দ্রুত সহযোগিতার জন্য ভারতের বিদেশ মন্ত্রক ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
তবে, ওই অঞ্চলে জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, এই ধরণের ঘটনা বেসামরিক জাহাজের ক্রু সদস্যদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক পরিকাঠামোকে নিশানা করা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মত প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচল এবং বাণিজ্য পুনরুদ্ধার আবশ্যিক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ