
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.) :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৬ ও ১৭ নভেম্বরের ফিলিপিন্স সফরের সময় ভারত-আসিয়ান সামুদ্রিক সহযোগিতা, সাইবার নিরাপত্তা, পারমাণবিক শক্তি, মহাকাশ গবেষণা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং যুব সংযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা প্রদান এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে ওই দেশগুলির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোরও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত সফরের ফলাফল সংক্রান্ত তালিকা অনুযায়ী, ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে একটি দীর্ঘমেয়াদি ‘ভারত-আসিয়ান সামুদ্রিক সহযোগিতা পরিকল্পনা’ ঘোষণা করা হয়েছে। এই পরিকল্পনার অধীনে যোগাযোগ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা, বিপর্যয় মোকাবিলা, উপকূলরক্ষী বাহিনীগুলির মধ্যে সমন্বয়, সামুদ্রিক অঞ্চলের নজরদারি এবং নাবিকদের নিরাপত্তার ক্ষেত্রে যৌথভাবে কাজ করা হবে।
এই অঞ্চলে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ সাইবার ফরেনসিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, পারমাণবিক শক্তির ক্ষেত্রে প্রযুক্তিগত আদান-প্রদান এবং ভারত-আসিয়ান মহাকাশ হ্যাকাথন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও খনন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
ভারত ও আসিয়ানের যুব সমাজের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করতে যুব শীর্ষ সম্মেলন, তরুণ সাংসদদের মধ্যে মতবিনিময় এবং স্টার্টআপ হ্যাকাথন আয়োজিত হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিয়ান দেশগুলির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির পরিমাণ বাড়ানো হবে। অন্যদিকে, ‘ওয়েভস-২০২৭’-এ ভারত-আসিয়ান সৃজনশীল অংশীদারিত্ব মণ্ডপ স্থাপন করা হবে এবং আসিয়ান দেশগুলির পর্যটকদের বিনামূল্যে ই-ভিসা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই সফরে ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার মাধ্যমে নাবিকদের সুরক্ষার জন্য ‘নাবিক নিরাপত্তা উদ্যোগ’ অন্যতম।
সীমান্তপারের অপরাধ, অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের মতো নতুন চ্যালেঞ্জগুলির মোকাবিলায় জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন সাইবার অপরাধ সম্মেলনের আয়োজন করা হবে। এছাড়া গুজরাটের লোথালে পূর্ব এশিয়া সামুদ্রিক ঐতিহ্য উৎসব এবং নালন্দায় পূর্ব এশিয়া বিশ্ববিদ্যালয় সম্মেলন আয়োজনের ঘোষণা করা হয়েছে, যার মূল লক্ষ্য পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধি করা।
সফর চলাকালীন তিনটি গুরুত্বপূর্ণ নথিও প্রকাশ করা হয়েছে। এগুলি হলো—বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা সংক্রান্ত ভারত-আসিয়ান যৌথ বিবৃতি, অনলাইন প্রতারণা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে সহযোগিতা জোরদার করার বিষয়ে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের নেতাদের বিবৃতি এবং ‘আমাদের ভবিষ্যতের সম্মিলিত দিশানির্দেশ : স্থায়িত্ব ও নবীকরণ’ শীর্ষক পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র।
হিন্দুস্থান সমাচার / সোনালি