
লখনউ, ১৭ নভেম্বর (হি.স.): ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার বার্তা দিলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার মথুরার পরখমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গো-বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে দলের দু’দিনের পরিকল্পনা বৈঠকের সমাপ্তি অধিবেশনে তিনি নির্বাচনী প্রস্তুতির রূপরেখা তুলে ধরেন।
নিতিন নবীন বলেন, দলের নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মীদের শক্তিতেই ২০২৭ সালে উত্তর প্রদেশে টানা তৃতীয়বার জয় পাবে বিজেপি। বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বৈঠকে আগামী তিন মাসের কর্মসূচি, সাংগঠনিক কার্যকলাপ এবং সহযোগী দলগুলির সঙ্গে সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বিজেপির প্রদেশ সভাপতি তথা মন্ত্রী পঙ্কজ চৌধুরী সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস, আজাদ সমাজ পার্টি এবং এআইএমআইএম-কে আক্রমণ করেন। তাঁর দাবি, আগামী নির্বাচনে বিরোধী দলগুলির কোনও সাফল্য আসবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিহ্নিত মহিলা, দরিদ্র, যুবক ও কৃষক— এই চার শ্রেণির ক্ষমতায়ন এবং সরকারের কাজের খতিয়ান নিয়েই মানুষের কাছে বিজেপি যাবে বলে জানান তিনি।
মথুরায় পৌঁছলে নিতিন নবীনকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রদেশ সভাপতি পঙ্কজ চৌধুরী এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক। অনুষ্ঠানের শুরুতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক সভাপতি প্রয়াত অশোক সিংঘলের মৃত্যুবার্ষিকীতেও শ্রদ্ধা জানানো হয়।
বৈঠকে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি. এল. সন্তোষ, উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে, জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি ও হরিশ দ্বিবেদী এবং রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) ধর্মপাল সিং-সহ দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য