
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) :ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও প্রসারিত করার পাশাপাশি কর্মসংস্থান, রফতানি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে আশাবাদী কেন্দ্র। বিশেষ করে দেশের যুবসমাজ, কৃষক, রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র এই চুক্তির মাধ্যমে উপকৃত হতে পারে বলে জানাল বিদেশ মন্ত্রক।
শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য দুই দেশের মানুষের জন্য আরও বেশি অর্থনৈতিক সুযোগ তৈরি করা। তাঁর কথায়, এই চুক্তির ফলে রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও প্রসারিত হবে। যুবসমাজ, কৃষক, রফতানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সামনে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ দিন কাতারে কারাবন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারির শারীরিক অবস্থা নিয়েও বিদেশ মন্ত্রকের অবস্থান স্পষ্ট করেন জয়সওয়াল। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে ভারত।
জয়সওয়াল জানান, পূর্ণেন্দু তিওয়ারির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কাতার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি তাঁর প্রয়োজনীয় চিকিৎসার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যথাযথ চিকিৎসার প্রয়োজন হলে তা নিশ্চিত করার জন্য কাতার কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “তাঁর সুস্থতা সম্পর্কে খোঁজ নিতে আমরা কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। প্রয়োজন হলে যাতে তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়, সে বিষয়েও তাদের জানিয়েছি। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও আমরা জানতে পেরেছি। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
তিনি আরও জানান, পূর্ণেন্দু তিওয়ারির পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর পাশে থাকতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে ভারত সরকার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য