
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): দেশীয় গবাদি পশুর প্রজাতি সংরক্ষণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় গোপাল রত্ন পুরস্কার ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সেরা দুগ্ধ খামারি বিভাগে প্রথম স্থান পেয়েছেন কেরলের কোট্টায়ামের মুরলীধরন নায়ার। একই বিভাগে দ্বিতীয় হয়েছেন গুজরাটের পোরবন্দরের ওডেদরা রাজশিভাই এবং তৃতীয় স্থান পেয়েছেন হরিয়ানার গুরুগ্রামের মদন মোহন যাদব। অন্যদিকে, সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন পশ্চিমবঙ্গের হুগলির শুভঙ্কর নন্দী।
২৬ নভেম্বর বিহারের পাটনায় জাতীয় দুগ্ধ দিবস উদ্যাপনের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে ললন সিং পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলও উপস্থিত থাকবেন।
মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের পশুপালন ও দুগ্ধ দফতর এ বছর তিনটি প্রধান বিভাগে পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল ও হিমালয় অঞ্চলের জন্যও বিশেষ স্বীকৃতি রাখা হয়েছে। এ বছর পুরস্কারের জন্য মোট ১,৫৮৩টি আবেদন জমা পড়েছিল। ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।
দেশীয় গরু ও মহিষের প্রজাতি পালনকারী সেরা দুগ্ধ খামারি, সেরা দুগ্ধ সমবায় সমিতি বা মিল্ক প্রোডিউসার কোম্পানি এবং সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ—এই তিন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
সেরা দুগ্ধ খামারি বিভাগে প্রথম তিন স্থানাধিকারী হলেন কেরলের মুরলীধরন নায়ার, গুজরাটের ওডেদরা রাজশিভাই এবং হরিয়ানার মদন মোহন যাদব। উত্তর-পূর্ব ও হিমালয় অঞ্চলের বিশেষ পুরস্কার পেয়েছেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের সাগর সিং রাওয়াত।
সেরা দুগ্ধ সমবায় সমিতি বা মিল্ক প্রোডিউসার কোম্পানি বিভাগে প্রথম হয়েছে তামিলনাড়ুর কল্লাকুরিচির টিএনডি ৯৩ থাটচুর এপিসিএস। দ্বিতীয় স্থান পেয়েছে কর্নাটকের মান্ডিয়ার ডিঙ্কা মিল্ক প্রোডিউসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। তৃতীয় হয়েছে কেরলের পালাক্কাড়ের এরুথেনপেথি ক্ষীরোলপাদক সহকারণ সংঘম। এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার দ্য চাক দেবিয়া ডেয়ারি কো-অপারেটিভ লিমিটেড।
সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির শুভঙ্কর নন্দী। দ্বিতীয় স্থানে রয়েছেন ঝাড়খণ্ডের গিরিডির রাজেশ কুমার মাহাতো এবং তৃতীয় হয়েছেন অন্ধ্রপ্রদেশের শ্রী পট্টি শ্রীরামুলু নেল্লোর জেলার শেখ শফি। এই বিভাগে উত্তর-পূর্ব ও হিমালয় অঞ্চলের বিশেষ পুরস্কার পেয়েছেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের সুধেশ কুমার।
সেরা দুগ্ধ খামারি এবং সেরা দুগ্ধ সমবায় সমিতি বা মিল্ক প্রোডিউসার কোম্পানি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে পাঁচ লক্ষ, তিন লক্ষ এবং দুই লক্ষ টাকা দেওয়া হবে। সঙ্গে থাকবে শংসাপত্র ও স্মারক। উত্তর-পূর্ব ও হিমালয় অঞ্চলের বিশেষ পুরস্কারপ্রাপকেরা পাবেন দুই লক্ষ টাকা। তবে সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ বিভাগের বিজয়ীদের দেওয়া হবে শংসাপত্র ও স্মারক।
২৬ নভেম্বর পাটনার মুরাদপুরের বাপু সভাগারে জাতীয় দুগ্ধ দিবসের অনুষ্ঠানের সঙ্গে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে।
উল্লেখ্য, দেশীয় গবাদি পশুর প্রজাতি সংরক্ষণ, উন্নয়ন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪ সালের ডিসেম্বরে জাতীয় গোকুল মিশন শুরু করে কেন্দ্র। জাতীয় গোপাল রত্ন পুরস্কার সেই কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। পশুপালক, দুগ্ধ সমবায়, কৃষক উৎপাদক সংগঠন এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদদের কাজকে জাতীয় স্তরে স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের উদ্দেশ্য। এর মাধ্যমে দেশীয় পশুসম্পদ সংরক্ষণের পাশাপাশি দুগ্ধশিল্পের উন্নয়নেও উৎসাহ জোগানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্র।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য