
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ব্যতিক্রমী চিন্তাভাবনা, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করার মানসিকতা, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনকে অগ্রাধিকার, নতুন মানদণ্ড তৈরি এবং দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে চলা—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মপদ্ধতির এই পাঁচটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। শুক্রবার প্রবীণ সাংবাদিক অমিতাভ সিনহার লেখা প্রধানমন্ত্রীকে নিয়ে বই ‘কুছ কহি, কুছ অনকহি’-র প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মোদীর নেতৃত্ব ও রাষ্ট্র গঠনের ভাবনায় এই পাঁচটি দিক বিশেষভাবে ফুটে ওঠে।
নয়াদিল্লির তিনমূর্তি ভবনে প্রধানমন্ত্রী সংগ্রহশালার সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনা পীঠাধীশ্বর আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি মহারাজও। বইটি প্রকাশ করেছে প্রভাত প্রকাশন।
প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতির এই পাঁচ বৈশিষ্ট্যের উদাহরণ দিতে গিয়ে নিতিন নবীন জিএসটি ও আয়কর সংস্কার, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর বা ডিবিটি, স্বচ্ছ ভারত অভিযান এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করেন। পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর সম্মিলিত সংকল্পের মধ্যেও এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে বলে দাবি করেন তিনি।
বইটির শিরোনাম নিয়েও বক্তব্য রাখেন বিজেপি সভাপতি। তাঁর কথায়, কিছু কথা প্রকাশ্যে বলা হয়, আবার কিছু অভিজ্ঞতা ও ঘটনা অপ্রকাশিত থেকে যায়। বইটি পড়লে পাঠকেরা প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের এমন কিছু দিক সম্পর্কে জানতে পারবেন, যা সাধারণত সামনে আসে না। অমিতাভ সিনহা তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে পেশাগত যোগাযোগের অভিজ্ঞতাকে এই বইয়ে তুলে ধরেছেন বলেও জানান তিনি।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিতিন নবীন জানান, অমিতাভ সিনহার সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ তাঁর হয়েছে। সাংবাদিক হিসেবে সিনহার প্রশ্ন ছিল স্পষ্ট, সরাসরি ও সহজ। বর্তমান সংবাদমাধ্যমে চাঞ্চল্য, নির্দিষ্ট বয়ান তৈরি এবং ব্রেকিং নিউজের প্রতিযোগিতার মধ্যে শান্ত ও সহজ ভঙ্গিতে সাংবাদিকতা করা মানুষদের আলাদা পরিচিতি তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর কাজের ধরন প্রসঙ্গে নিতিন নবীন বলেন, প্রতিটি বিষয়কে দেখার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। ছোটখাটো বিষয়েও তিনি নজর দেন। প্রয়োজন হলে পরামর্শ দেওয়ার পাশাপাশি সংশোধনের পথও দেখান। তাঁর ব্যক্তিত্ব দলের কর্মী এবং গোটা সংগঠনের কাছে শক্তি ও অনুপ্রেরণার উৎস বলেও দাবি করেন বিজেপি সভাপতি।
অনুষ্ঠানে বইয়ের একটি উল্লেখযোগ্য ঘটনার কথাও তুলে ধরেন নিতিন নবীন। ২০১৩ সালের ২৭ অক্টোবর পাটনায় আয়োজিত বিজেপির হুঙ্কার সমাবেশে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় তিনি স্থানীয় বিধায়ক ছিলেন। প্রোটোকল অনুযায়ী, নরেন্দ্র মোদীর বিমানবন্দরে আগমন ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সূর্যনন্দন কুশওয়াহা এবং তৎকালীন মন্ত্রী গিরিরাজ সিং।
নিতিন নবীনের বর্ণনা অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছেই মোদী প্রথমে বিস্ফোরণের ঘটনা এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন। ওই পরিস্থিতিতে তাঁর সমাবেশে যাওয়া উচিত কি না, তা নিয়ে আলোচনা শুরু হলে মোদী জানান, তিনি সেখানে না গেলে পরিস্থিতি ও ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হতে পারে, কারণ সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত রয়েছেন। দায়িত্ববোধ এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উদাহরণ হিসেবেই এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিজেপি সভাপতি।
বইটির লেখক প্রবীণ সাংবাদিক অমিতাভ সিনহা বলেন, নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বকে একটি বইয়ের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরা অত্যন্ত কঠিন। গত ২৫ বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজকর্ম, বিভিন্ন প্রকল্প, কাজের ধরন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কাছ থেকে দেখেছেন ও বোঝার চেষ্টা করেছেন।
এই দীর্ঘ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছোট-বড় নানা ঘটনা ও অভিজ্ঞতা তিনি লিখে রেখেছেন। গুরুত্বপূর্ণ তথ্য ও পর্যবেক্ষণের অনেক কিছুই নিজের ডায়েরিতে নথিবদ্ধ করেছিলেন। সেই অভিজ্ঞতা ও ঘটনাগুলিকেই এবার বইয়ের আকারে সংকলিত করেছেন।
অমিতাভ সিনহার বক্তব্য, বইয়ে এমন কিছু ছোট ঘটনার উল্লেখ রয়েছে, যা থেকে বোঝা যায় কীভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন এবং নতুন পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যান। কোনও প্রকল্পের ভাবনা তৈরি থেকে তার বাস্তবায়ন এবং তাতে সাধারণ মানুষকে যুক্ত করার পদ্ধতিও বইয়ে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর ‘আউট অফ দ্য বক্স থিঙ্কিং’ বা প্রচলিত ধারার বাইরে গিয়ে ভাবার ক্ষমতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বইটির প্রশংসা করেন জুনা পীঠাধীশ্বর আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরি মহারাজও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য